ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়; এটি এ দেশের সব মানুষের অর্জন। দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের ধারাবাহিকতায় এ অর্জন এসেছে।
সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোনো আন্দোলন-সংগ্রাম একদিনে সফল হয় না। দীর্ঘ সময়ের ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়েই চূড়ান্ত সাফল্য অর্জিত হয়। তিনি দাবি করেন, গত ১৭ বছরে জিয়া পরিবার ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা ঘটেছে। ইলিয়াস আলীর মতো শত শত নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন, যাদের অনেকেরই এখনো সন্ধান মেলেনি।
তিনি বলেন, স্বৈরাচারী শক্তি এখনো দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। বিভাজন জাতির জন্য দুর্ভোগ ডেকে আনতে পারে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জুলাই আন্দোলনে শহিদ ও অঙ্গহানির শিকার যোদ্ধাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব উল্লেখ করে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পদে পরিণত না হয়। তারা প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী স্বাগত বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। এছাড়া দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।