Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যতদিন জামায়াত থাকবে, ততদিন আ.লীগ থাকবে’ মন্তব্যের প্রতিবাদ জামায়াতের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ২০:০৫ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ২১:৩৯

কলামিস্ট ফরহাদ মজহার ও জামায়াতে ইসলামীর লোগো।

ঢাকা: কবি, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারের ‘যতদিন জামায়াত থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফরহাদ মজহারের এ মন্তব্য অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন।

জুবায়ের বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে ১৬ বছর জামায়াতে ইসলামীসহ দেশের মানুষের ওপর জুলুম, নির্যাতন, গুম ও হত্যাযজ্ঞ চালিয়েছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এর বিরুদ্ধে চরম বৈরী পরিবেশেও জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করেছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

তার ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতের শীর্ষ নেতারা শাহাদাতবরণ করেছেন এবং হাজার হাজার নেতাকর্মী আহত, পঙ্গুত্ব ও কারাবরণের শিকার হয়েছেন।

জামায়াত নেতা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে নতুন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়ার কোনো বক্তব্য বা উদ্যোগ জনগণ প্রত্যাশা করে না। সরকারি নিষেধাজ্ঞার আওতায় থাকা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর পক্ষে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করবেন, তাদের ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

জুবায়ের আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জামায়াত রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করেছে। তাই জামায়াতের মতো জুলাই অভ্যুত্থানের শক্তিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করা হলে জনগণ তাদের ‘ফ্যাসিস্টদের দোসর’ হিসেবে শনাক্ত করবে।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং গণভোটের রায় বাস্তবায়নের জন্য জামায়াত আন্দোলন চালিয়ে যাচ্ছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়িত হলে নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট ও গণহত্যাকারী দলের রাজনীতির সুযোগ থাকবে না বলে দাবি করেন তিনি।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর