Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মৎস্য, খাদ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব: শামা ওবায়েদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৮:১৮ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ২১:২০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ -সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের মৎস্য, খাদ্য, শক্তি ও নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সৌদি সরকার বিনিয়োগ করতে আগ্রহী। এই বিনিয়োগের মাধ্যমে এসব খাতে তাদের দক্ষতা কাজে লাগাতে চায় দেশটি।

মঙ্গলবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার এবং উনাদের আরও দুজন উপমন্ত্রীর নেতৃত্বে একটি হাই লেভেল প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। মূলত বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আরও উন্নত করার জন্যই তাদের এই সফর। বাংলাদেশ সরকারের ওপর সৌদি সরকার সম্পূর্ণ আস্থা ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন, সেটা নিয়েও এই সফরে কথা হয়েছে।

শামা ওবায়েদ বলেন, সৌদি ক্রাউন প্রিন্স ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও উনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে সফর করার জন্য। আমরা আশা করি সামনে খুব শীঘ্রই সৌদি আরবে বাংলাদেশ-সৌদি আরবের একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে ইনভেস্টমেন্ট নিয়ে, যেখানে আমাদের বিডার চেয়ারম্যানসহ অনেকে অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং শীঘ্রই হবে, এই বছরই হবে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে। এবং এই যোগাযোগ ও আদান-প্রদান চলমান থাকবে।

প্রাইম মিনিস্টার কি যাবেন বা কবে নাগাদ যেতে পারেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই উনার আগ্রহ আছে যাবার। একটা উপযুক্ত সময়ে দুই দেশের আলোচনার ভিত্তিতে অবশ্যই সেই সফর হবে ইনশাআল্লাহ।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো কিন্তু সব দেশেই একই ধরনের সমস্যা আছে আমাদের। সেই সমস্যাগুলো এখানে বিবেচ্য বিষয় বা আলোচনার বিষয় খুব একটা ছিল না। সেই সমস্যাগুলো আমাদের জেদ্দা ও রিয়াদের বাংলাদেশের মিশন ইতিমধ্যেই সৌদি আরবের সাথে যোগাযোগ স্থাপন করে সেই সমস্যাগুলো সমাধানে কাজ করছে।

তিনি বলেন, ওনারা বারবার বলেছেন, তারা অনেক সেক্টরে বাংলাদেশের সাথে কাজ করতে চান। আলোচনায় সেই জায়গাটাই প্রাধান্য পেয়েছে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্যই উনারা এসেছেন এবং আজ রাতেই চলে যাবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর