ঢাকা: দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সতর্কতার আওতাধীন অঞ্চলগুলো হলো ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।
পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া অন্য এক পূর্বাভাসে জানানো হয়েছে যে, বর্তমানে দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ ভারতের রাজস্থান থেকে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত এবং অন্যটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকাতেও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার (৮ আগস্ট) থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।