Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও সারাদেশে বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ০৮:৩৪ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ০৮:৩৭

ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজও দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। ভারতের মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে এই আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আজ রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ভারী বৃষ্টির কারণে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভূমিধসের উচ্চ ঝুঁকি রয়েছে।

বিজ্ঞাপন

গাণিতিক মডেল অনুযায়ী, আজ ১২ জুলাই পর্যন্ত এসব জেলায় ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ অবস্থায় স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর