Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল, ক্ষুব্ধ মরিনহো!

ক্রীড়া ডেস্ক
৮ আগস্ট ২০২৬ ১১:০০

স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর অন্যতম মূল কারিগর তিনি। মাঝমাঠে অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে এবার রোদ্রির হাতে উঠেছে গোল্ডেন বলও। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, ম্যানচেস্টার সিটির এই তারকা ফুটবলারকে দলে ভেড়াতে না পেরে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ কোচ হোসে মরিনহো ও ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও!

রোদ্রিকে কেনার জন্য শুরু থেকেই চেষ্টায় ছিল রিয়াল। তবে শেষ পর্যন্ত রিয়ালে আসছেন না গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা, এ নিশ্চিত হয়ে গেছে গত সপ্তাহেই।

স্প্যানিশ পত্রিকা স্পোর্তের দাবি, রিয়াল সভাপতি পেরেজ এবং কোচ মরিনহো দুজনই রোদ্রির সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ। প্রতিবেদনে বলা হয়েছে, পেরেজ-মরিনহো দুজনেই ভেবেছিলেন, ক্লাবের দুই বিশ্বস্ত কর্মকর্তা হোসে অ্যাঞ্জেল সানচেজ এবং জুনি কালাফাত রোদ্রিকে রিয়ালে নিয়ে আসবেন। কিন্তু শেষ মুহূর্তে রোদ্রি বার্সেলোনার দিকে ঝুঁকে পড়ায় পুরো পরিকল্পনাই ভেস্তে যায়।

বিজ্ঞাপন

ক্লাবের ভেতরে কেবল একজনই শুরু থেকে রোদ্রির এই ট্রান্সফারের বিরোধিতা করেছিলেন। পেরেজের আর্থিক বিষয়ক ঘনিষ্ঠ সহযোগী ও মরক্কান ব্যাংকার আনাস লাগরারি রোদ্রিকে দলে নিতে রাজি ছিলেন না। তার যুক্তি ছিল, রদ্রির বয়স ৩০ বছর এবং হাঁটুর গুরুতর চোট ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি।

সব আপত্তির পরেও পেরেজ যখন চুক্তি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন, তখনই শেষ মুহূর্তে রোদ্রি বার্সেলোনার দিকে ঝুঁকেছেন।

স্পোর্ত বলছে, রোদ্রির ঘটনায় পেরেজের চেয়েও বেশি ক্ষুব্ধ ছিলেন কোচ মরিনহো। রোদ্রি রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বার্সেলোনায় যাচ্ছেন, এমন খবর প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি। পরে রিয়াল কর্মকর্তাদের সঙ্গে একাধিক আলোচনায় নিজের অসন্তোষ প্রকাশ করেন মরিনহো।

শেষ পর্যন্ত রোদ্রি বার্সাতেই যাবেন না সিটিতে থেকে যাবেন, সেটা জানা যাবে অল্প কিছুদিনের মধ্যেই।