Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দরপতনের ধাক্কা কাটিয়ে পুঁজিবাজারে বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৬:২০ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ১৯:০৩

ঢাকা: সাম্প্রতিক দরপতনের ধাক্কা কাটিয়ে অবশেষে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার।
সোমবার দিনভর সূচকের উত্থান-পতনের পর মঙ্গলবার (১১ আগস্ট) সূচকের উল্লেখযোগ্য বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় শুরুর পর প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে। পাশাপাশি টাকার অংকে লেনদেনও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সূচকের ধারাবাহিক পতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ ও অস্বস্তি তৈরি হয়েছিল। তবে বাজারের শক্তিশালী উত্থান সেই অস্বস্তি অনেকটাই দূর করেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরতে শুরু করেছে। ফলে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। এর প্রতিফলন দেখা গেছে লেনদেনের পরিমাণ এবং সূচকের ঊর্ধ্বগতিতে।

বিজ্ঞাপন

তাদের মতে, বাজারের এই ইতিবাচক ধারা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার এখন আরও সতর্ক ও কার্যকর নজরদারি প্রয়োজন। বাজারে যাতে আবারও অনিয়ন্ত্রিত পতন দেখা না দেয়, সে জন্য বর্তমান পরিস্থিতিতে শক্তভাবে বাজার মনিটরিং করা জরুরি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০৩ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৪ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসই-তে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারদর।

লেনদেনের দিক থেকেও ছিল উল্লেখযোগ্য গতি। মঙ্গলবার ডিএসই-তে প্রায় ১ হাজার ১১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯০৮ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসই-তে লেনদেন বেড়েছে প্রায় ২০৭ কোটি ২ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার ও ইউনিট মিলিয়ে মোট ৭১ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সিএসই-তে শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণ ছিল ৩৫ কোটি ৫৬ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে সিএসই-তেও লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে।

সিএসই-তে মঙ্গলবার মোট ২৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৪৯টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৯০ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সিএএসপিআই সূচক ১০ দশমিক ৬১ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর