Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মির্জা ফখরুলে বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৮:৪৮

রংপুর: ভোটাধিকার, রাজনৈতিক মর্যাদা ও উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে রংপুর বিভাগের ১১ সংসদ সদস্য সংবাদ সম্মেলনে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে জামায়াতে ইসলামী রংপুর মহানগরের উদ্যোগে নগরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড় ঘুরে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ অন্য নেতারা।

সমাবেশে এ টি এম আজম খান বলেন, “মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রংপুরের মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ায় এ অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এ ধরনের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা, স্বাধীন মতপ্রকাশ ও সাংবিধানিক অধিকারকে খাটো করে।”

তিনি আরও বলেন, জনগণ কোন রাজনৈতিক দলকে ভোট দেবে, সেটি তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দ বা ভোটের সম্পর্ক তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের দায়িত্ব হলো দল-মত-নির্বিশেষে দেশের সব অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করা।

সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একইসঙ্গে রাজনৈতিক আনুগত্যের সঙ্গে উন্নয়নকে যুক্ত না করে রংপুরের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন রংপুর বিভাগ থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য। তারা মন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘ওনার (মির্জা ফখরুল) মতো প্রাজ্ঞ রাজনৈতিক নেতার এ ধরনের বক্তব্য সংবিধান ঘোষিত বাক, ব্যক্তি ও মতামত প্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থি। পাশাপাশি রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা ও স্বাধীন মতপ্রকাশের বিপক্ষে অসম্মানজনক। রংপুরের মানুষ বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করায় উন্নয়ন থেকে পিছিয়ে থাকে- এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ।

কী বলেছিলেন মন্ত্রী?

গত রোববার (৯ আগস্ট) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রংপুরের লোকেরা, আমরা সব সময় পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। যখন বিএনপি গভর্নমেন্টে আসবে, তখন আপনারা করবেন জাতীয় পার্টি; যখন বিএনপি গভর্নমেন্টে আসবে, তখন আপনারা করবেন জামায়াত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে?’

এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (১১ আগস্ট) রাতে জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য সংবাদ সম্মেলন করেন। তারা মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘রংপুরের মানুষ কোন দলকে ভোট দেবেন, সেটি তাদের গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে কোনও অঞ্চলের মানুষের রাজনৈতিক পছন্দকে শর্তযুক্ত করা যাবে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর