Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৬:২৮ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ২০:৩৪

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নয়জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব শাহ ইফতেখার তারিক।

বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কলকাতার নাগরিক সেবাখাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কলকাতার সেবাখাতের একটি বড় অংশ বাংলাদেশের নাগরিকদের ওপর নির্ভরশীল। অথচ সেখানে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে স্থানীয় প্রশাসন। নিয়ন্ত্রক সংস্থাগুলোর অবহেলার কারণে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন সেবাখাত গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলেই অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণ হারাতে হচ্ছে।

বিজ্ঞাপন

হতাহতদের বিষয়ে তিনি বলেন, নিহত ও আহতদের মরদেহ এবং প্রয়োজনীয় সহায়তা দ্রুত স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার পূর্ণ দায়িত্ব ভারত ও বাংলাদেশ উভয় দেশের সরকারকেই নিতে হবে।

চিকিৎসা ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিহতরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। স্বাধীনতার দীর্ঘ সময় পরও দেশের নাগরিকদের সাধারণ চিকিৎসার মতো মৌলিক সেবা নিতে পাশের দেশে যেতে হচ্ছে, যা দেশের চিকিৎসাখাতের চরম ব্যর্থতারই প্রতিফলন। স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সবাইকেই এই ব্যর্থতার দায়ভার বহন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সরকারের দায়িত্বহীনতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের নাগরিকদের অন্য কোনো দেশে ভ্রমণের অনুমতি দেওয়ার আগে সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সরকারের নৈতিক দায়িত্ব। কলকাতার সেবাখাতের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে সরকার নাগরিকদের কোনো ধরনের সতর্কবার্তা দেয়নি উল্লেখ করে তিনি জানান যে এই মর্মান্তিক ঘটনার পেছনে বাংলাদেশ সরকারেরও নৈতিক দায় রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর