ঢাকা: গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, নতুন বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কারের কার্যক্রম সফল করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সংবাদপত্রের মালিক, সম্পাদক, সাংবাদিক, ছাপাখানার কর্মীসহ গণমাধ্যমশিল্পের সঙ্গে যুক্ত সবার স্বার্থ রক্ষায় সরকার নীতিগত সহায়তা দিতে প্রস্তুত।
মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, “রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে।” রাষ্ট্র মেরামতের যে লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কাজ করছে, তা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদপত্রের মালিকদের নিরাপদ বিনিয়োগের সুযোগ তৈরি এবং সেই বিনিয়োগকে লাভজনক পর্যায়ে নিতে সরকার নীতিগত সহায়তা দেবে জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে সম্পাদক, সাংবাদিক ও ছাপাখানার কর্মীসহ গণমাধ্যমশিল্পের সঙ্গে যুক্ত সবার স্বার্থ নিশ্চিত করতে হবে।
সাংবাদিকতার মূলনীতি তুলে ধরে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, “সাংবাদিকতার প্রধান কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার প্রশ্নকে সম্পদ মনে করে।” বেশি প্রশ্ন করা হলে সরকার আরও বেশি জবাবদিহির মাধ্যমে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা ও কাজ পরিষ্কার করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমে বহুমতের প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, বহুমতের মধ্য দিয়েই বস্তুনিষ্ঠ তথ্য বেরিয়ে আসবে। এটিই স্বাধীন সংবাদমাধ্যমের মূল ভিত্তি।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের ১৭ বছরের ভুল জ্বালানি নীতি, অপরিকল্পিত প্রকল্প ও ব্যাপক লুটপাটের কারণে দেশ আজ ভঙ্গুর অর্থনীতির মুখোমুখি। সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সংকট থেকে দেশকে বের করে আনতে আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া সংকট এবং ধ্বংসাত্মক শাসনব্যবস্থার বিষাক্ত প্রভাব থেকে জনগণকে মুক্ত করার যোগ্যতা ও সততা ধানের শীষ, বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রয়েছে বলেই জনগণ তাদের ওপর আস্থা রেখেছে।
গণমাধ্যমের ভূমিকার বিষয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনার আড়ালে অতীতের ফ্যাসিবাদের সমর্থকরা যাতে পুনরায় কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে গণমাধ্যমকে সচেতন থাকতে হবে।
দৈনিক জনতার সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ এম আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। সম্পাদক ওবায়দুর রহমান শাহীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি মহসিন হোসেন, সাবেক সভাপতি বুলবুল আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক এবং দৈনিক জনতার সম্পাদক ও প্রকাশক উপস্থিত ছিলেন।