ঢাকা: রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানায়, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা একান্ন মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা ঊনচল্লিশ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং এ সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।