সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে।
সোমবার (৩১ আগস্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোরের দিকে নিমগাছী বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই আগুনে বাজারের সাতটি দোকান সম্পূর্ণ বা আংশিকভাবে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে চারটি ফলের দোকান, একটি ফার্মেসি, একটি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকান। আগুনে দোকানগুলোর মালামাল ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফার্মেসি ব্যবসায়ী ছোলেমান হোসেন বলেন, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ৯৯৯ নম্বরে ফোন করা হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাড়াশ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুহাম্মদ মঞ্জুরুল আলম জানান, সোমবার ভোর ৫টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে সাতটি দোকানে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।