Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশ স্থিতিশীল হলেও গণতন্ত্র-বিচারব্যবস্থার শক্ত ভিত্তি গড়তে হবে: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের পরিস্থিতি বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও এই স্থিতিশীলতাকে টেকসই করতে শক্তিশালী ভিত্তি গড়ে তোলা জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদা, সুষ্ঠু বিচারব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, অতীতে দেশের বিভিন্ন সময়ে সংখ্যালঘু ও জাতিগতভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটলেও রাষ্ট্র বা সরকার অনেক ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয়নি। কখনও কখনও নীরবতা কিংবা পরোক্ষ সমর্থনের কারণে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই এনসিপি বিচারব্যবস্থা শক্তিশালী করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সব নাগরিকের মানবিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। এসব লক্ষ্য বাস্তবায়ন না হলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব হবে না।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে দেশের বিচারব্যবস্থাকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব। এর ফলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন। সরকার, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তির উচিত বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা। হিন্দু সম্প্রদায়সহ দেশের সব ধর্মের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের আত্মিক সম্পর্ক রয়েছে। তাঁদের ধর্মীয় উৎসব এই ভূখণ্ডের দীর্ঘদিনের ঐতিহ্য ও বহুসাংস্কৃতিক চর্চার অংশ। এই সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে দেশের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা কামনা করেন এবং বাংলাদেশের মানুষ ও এনসিপির জন্য আশীর্বাদ রাখার আহ্বান জানান।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৩৪
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর