চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডম্বলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাহফুজা নামের এক শিশু নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গ্রামের রাস্তা পারাপারের সময় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহফুজা খাতুন (৫) আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে। মামুন চট্টগ্রামে টাইলস মিস্ত্রির কাজ করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, প্রায় এক সপ্তাহ আগে মাহফুজা তার মায়ের সঙ্গে নানাবাড়ি ডম্বলপুর গ্রামের শের আলীর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে সে ক্যানেলের অপর পাশে একটি বাড়িতে যায়। সেখান থেকে রাস্তা পারাপারের সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে মাহফুজা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল আরও জানান, নিহত শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য পরিবারের সদস্যদের দিয়ে দেওয়া।