ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এর আগে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া, এর মধ্যে যেটি আগে আসবে, সে সময় পর্যন্ত তিনি চেয়ারম্যান পদে বহাল থাকবেন।
কর্মজীবনে অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া ২০০২ সালের ১৪ জানুয়ারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (এআইইউবি) শিক্ষকতা শুরু করেন এবং ২০০৩ সালের ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এছাড়া তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব ল-এর ডিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি লন্ডনে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন অব দ্য ইউনাইটেড কিংডমের আঞ্চলিক সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল-এর নির্বাহী পরিষদের সদস্য এবং এর বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনে তিনি ব্রিটিশ কমনওয়েলথ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে মিডিয়া আইনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।