ঢাকা: পেপারবিহীন ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এই উদ্যোগের কথা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন স্পিকারের সঙ্গে এই সাক্ষাৎ করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর কোনো বিকল্প নেই। বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে প্রস্তাবিত এই ব্যবস্থা চালু হলে সংসদীয় নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ এবং আদান-প্রদান আরও সহজ ও দ্রুততর হবে।
তিনি আরও বলেন, ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে তাকে প্রধান করে একটি বিশেষ কমিটি গঠনের জন্য স্পিকার নির্দেশনা দিয়েছেন। এই কমিটি প্রস্তাবিত সিস্টেমের সার্বিক কাঠামো, প্রযুক্তিগত অবকাঠামো এবং বাস্তবায়ন প্রক্রিয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই সিস্টেমের ওপর একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপনের জন্যও স্পিকার নির্দেশনা প্রদান করেছেন বলে তিনি জানান।
প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়ন বর্তমান সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ব্যবস্থা কার্যকর হলে সংসদের দৈনন্দিন কার্যক্রমে কাগজের ব্যবহার হ্রাসের পাশাপাশি প্রচুর সময় ও প্রশাসনিক ব্যয় সাশ্রয় হবে, যা সংসদীয় কার্যক্রমে গতি ও স্বচ্ছতা বহুগুণ বাড়িয়ে দেবে। এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)সহ বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কারিগরি ও আর্থিক সহযোগিতা নেওয়া হবে বলেও জানানো হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।