ঢাকা: বাংলাদেশে ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর লক্ষ্যে ভারতের প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (২ সেপ্টেম্বর) সংসদ ভবনে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই ইচ্ছার কথা জানান।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় কূটনীতি, তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন সংসদীয় কার্যক্রমের আধুনিকায়ন ও পারস্পরিক সহায়তা জোরদারের বিষয় নিয়ে বিষদ আলোচনা হয়। বৈঠকে ডেপুটি স্পিকার ভারতের আধুনিক পার্লামেন্ট ব্যবস্থার প্রশংসা করে বলেন, বাংলাদেশে ই-পার্লামেন্ট ব্যবস্থা সফল করতে ভারতের অভিজ্ঞতা সহায়ক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি তিনি দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ সাবেক সংসদ সদস্যকে ভারতীয় হাইকমিশনার হিসেবে পাওয়াকে দেশের সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নের জন্য দারুণ সুযোগ বলে অভিহিত করেন।
বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লুই আই কানের সুনিপুণ নকশায় তৈরি জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলীর প্রশংসা করেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সফর ও মতবিনিময় ইতিবাচক অবদান রাখবে। বৈঠকে উভয় পক্ষই জনগণের কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ক্ষেত্রগুলো সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।