Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাইকো মামলায় ২ কানাডিয়ানের রি-কল সাক্ষ্যের আবেদন মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৩ ২০:২৮

আদালত প্রাঙ্গণে কানাডিয়ান দুই পুলিশ সদস্য। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় কানাডিয়ান দুই পুলিশ সদস্যের রি-কল সাক্ষ্যের আবেদন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে আসামি শহিদুল ইসলামের পক্ষে মামলার প্রথম সাক্ষী ও বাদী দুদকের সহকারী পরিচালক মুহা. মাহবুবুল আলমকে রি-কলও আদালত মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত শুনানি শেষে দুদকের এ আবেদন মঞ্জুর করেন।

এদিন কানাডিয়ান রয়েল মাউন্টেড পুলিশের লয়েড শোয়েপ ও কেবিন দুগ্গানকে দুদক পক্ষের রি-কল আবেদনের ওপর শুনানি হয়। দুদকের পক্ষে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং দুদক প্রসিকিউটর খুরশিদ আলম খান ও মোশারফ হোসেন কাজল রি-কলের প্রয়োজনীয়তার বিষয়ে শুনানি করেন। অন্যদিকে আসামি গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে আইনজীবী মো. আমিনুল ইসলাম রি-কল আবেদনের বিরোধিতা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- খালেদা জিয়ার নাইকো মামলায় পরবর্তী শুনানি ২ নভেম্বর

শুনানি শেষে আদালত আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে দুদক পক্ষের রি-কল আবেদন মঞ্জুর করেন। এ ছাড়া এদিন আসামি শহিদুল ইসলামের পক্ষে বাদীকে রি-কল আবেদনের বিষয়েও শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আগামী ১৭ ডিসেম্বর রি-কলের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করে দেন।

গত ১৯ অক্টোবর সাক্ষ্য দিতে এ দুই সাক্ষীকে সমন পাঠানো হয়। গত ৩০ ও ৩১ অক্টোবর এ দুজন সাক্ষ্য দেন। এর আগে ২৩ মে মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মুহা. মাহবুবুল আলম সাক্ষ্য দিতে শুরু করেন। গত ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়াসহ আট আসামির অব্যাহতির আদালত নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।

আরও পড়ুন- নাইকো মামলায় সাক্ষ্য দিচ্ছেন কানাডিয়ান পুলিশ সদস্য

মামলার বাকি আসামিরা হলেন— তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। এদের মধ্য প্রথম তিনজন পলাতক রয়েছেন।

মামলার আসামিদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ, এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা গেছেন। তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। পরের বছরের ৫ মে ওই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

সারাবাংলা/এআই/টিআর