Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানের এপিএস’সহ ৭ জনের মামলায় শুনানি পেছাল

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ১৪:১৪

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুসহ সাতজনের বিরুদ্ধে অর্থপাচার মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

বুধবার (১০ জানুয়ারি) মামলাটি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। কিন্তু এদিন অপু অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করেনি কর্তৃপক্ষ। এজন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত শুনানির পরবর্তী এ তারিখ ঠিক করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। অপর আসামিরা হলেন- হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও স্বত্ত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন ও ফায়েজুর রহমান।

বিজ্ঞাপন

এর আগে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল। এ ঘটনায় র‍্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ছয়জনকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জুন আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।

সারাবাংলা/এএসকে/এনএস