Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ১৭:০৭ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ ১৮:৩৭

ঢাকা: সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায় পরিবর্তনের জন্য প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবং সদ্য আইন কমিশন থেকে পদত্যাগ করা চেয়ারম্যান খায়রুল হকের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ বিথির আদালত এ আদেশ দেন।

এর আগে, আজ সকালে সাবেক প্রধান বিচারপতি এবং সদ্য আইন কমিশন থেকে পদত্যাগ করা চেয়ারম্যান খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করেন আইনজীবী ইমরুল হাসান।

এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানান। পরবর্তীতে আদালত মামলা গ্রহণের মতো উপাদান না থাকায় তা খারিজ করে দেন।

বিজ্ঞাপন

মামলার আবেদনে বলা হয়, ২০১৪ সালের নির্বাচন আগাইয়া আসিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে চিরকাল ক্ষমতায রাখার জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী রায়ের ১৬ মাস ৩ দিন পর পরে তথা বিগত ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন।

দণ্ডবিধি আইনের ৪২০/৪০৬ ধারায়, বাংলাদেশের জনগণের ক্ষতি বা অনিষ্ট করার জন্য প্রকাশিত রায় আইনিপন্থা ব্যাতিরেকে অর্থাৎ কোন রিভিউ পিটিশন ছাড়াই অত্র রায়ের অংশবিশেষ বাতিল করে ১৬ মাস তিনদিন পর চাকরি না থাকা অবস্থায় স্বাক্ষর করে রায় প্রচার করায় দ:বি: আইনের ৪৬৭/৪৬৮ ধারায় অপরাধ করেছেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ