Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৪ ১৩:৫১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ ২১:৫০

ঢাকা: হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গীতাযজ্ঞের মধ্য দিয়ে জন্মাষ্টমীর শুভ সূচনা হয়।

হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের বিপদে পাশে থেকে এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞাপন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ শুরু হয়। সেখানে শত শত ভক্তরা অংশ নেন। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে যাতে দ্রুত মানুষ স্বাভাবিক পরিস্খিতিতে ফিরে আসতে পারে সে প্রার্থনা জানানো হয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে। পাশাপাশি দেশ ও জাতির কল্যানে প্রার্থনা করা হয়।

এর বাইরে বিকেল ৩টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মিছিলের উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আর রাতে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

আরো