Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উল্টোপথে গাড়ি, থামার সংকেত দেয়ায় কনস্টেবলকে পিটুনি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ১৯:২০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৪ ২০:১৯

চট্টগ্রাম ব্যুরো: উল্টোপথে চালিয়ে আনা গাড়িকে থামার সংকেত দেয়ায় পুলিশের এক কনস্টেবলকে ঘুষি মেরে রক্তাক্ত করেছেন চালক। ঘটনা দেখে সেখানে উপস্থিত একদল ছাত্র ওই গাড়িচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) ‍দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে খুলশী আবাসিক এলাকার এক নম্বর সড়কের মুখে এ ঘটনা ঘটেছে। নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার এমন বর্ণনা দেওয়া হয়েছে।

আটক মো. রফিকুল আলম সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্টস লিমিটেড নামে একটি বেকারি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের গাড়িচালক।

আহত পুলিশ কনস্টেবল সোহরাব হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম সারাবাংলাকে জানান, রফিকুল ইসলাম প্রতিষ্ঠানটির একটি প্রাডো পাজেরো জিপ চালিয়ে উল্টোপথে খুলশী এক নম্বর সড়কের মুখে আসেন। গাড়িটি উল্টোপথে আসায় সেখানে যানজট সৃষ্টি হয়। এসময় সেখানে পুলিশ কনস্টেবল সোহরাব হোসেন ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। তিনি উল্টোপথে আসা জিপটিকে থামার সংকেত দেন।

‘কনস্টেবল সোহরাব কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে নেমে রফিকুল তার ইউনিফর্মের কলার ধরে মুখে সজোরে ঘুষি মারেন। এতে তার নাকের হাড় ভেঙ্গে গিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। এরপর বেধড়ক মারধর করে তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন রফিকুল। ঘটনা দেখে কয়েকজন ছাত্র জড়ো হয়ে রফিকুলকে আটকে ফেলেন। খুলশী থানার এসআই রাজীব দে ঘটনা শুনে সেখানে গেলে ছাত্ররা রফিকুলকে তার হাতে তুলে দেন।’

ওসি কবিরুল আরও জানান, আহত সোহরাব চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বাদী হয়ে রফিকুলের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে জানিয়েছেন, এ ঘটনার পর সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্টস লিমিটেড কর্তৃপক্ষ গাড়িচালক রফিকুলকে চাকরি থেকে বরখাস্ত করেছে। বিষয়টি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এনইউ