Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি অফিস ভাঙচুর: ১ মাস পর লিটন-বাদশার বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ২৩:৫৯ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ ০০:৪৩

রাজশাহী: রাজশাহীতে জুলাই মাসে বিএনপির কার্যালয় ভাঙচুর-লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকেও একই মামলায় আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বোয়ালিয়া থানায় মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০০ থেকে ৪০০ জনকে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ মামলার তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার উল্লেখযোগ্য আরও কয়েকজন আসামি হলেন— সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মীর ইকবাল, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন ও আজিজুল আলম বেন্টু। রাজশাহী সিটি করপোরেশনের সাবেক বেশ কয়েকজন কাউন্সিলর এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মামলায় আসামি হিসেবে আছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই আসামিরা নগরীর মালোপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়টি ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। তারা গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকার জনমনে আতঙ্ক ছড়ান। তারা মামলার বাদীসহ বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, মামলার আসামিরা আত্মগোপনে আছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানাকে মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সারাবাংলা/টিআর