Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগরে লঘুচাপ, সোম-মঙ্গলবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ১০:৪৮

ফাইল ছবি

ঢাকা: বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। কমে এসেছে মৌসুমি বায়ুর প্রভাব। এতে দেশের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘এখন যেমন বৃষ্টি হচ্ছে, আরও দুদিন এমন বৃষ্টি হবে। বৃষ্টি কমার কারণে গরম বাড়ছে।’

আবহাওয়া অধিদফতরে নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, আজ ঢাকায় দেশের দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সারাবাংলা/একে