Monday 03 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাঁচামরিচ আমদানির অনুমতি দিল সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৯:২৮ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ২৩:৫৮

কাঁচামরিচ। ফাইল ছবি

ঢাকা: কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার (৩ আগস্ট) থেকে আমদানি কার্যক্রম শুরু হবে। ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার (২ আগস্ট) শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাজার পরিদর্শনকালে মন্ত্রিরা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপণ্যের সরবরাহ, মূল্য ও সার্বিক বাজার পরিস্থিতির খোঁজখবর নেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকে আমদানি শুরু হবে।’ ফলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘ভোক্তাদের জন্য বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সরেজমিনে যা দেখবেন, তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরবেন। এতে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে এবং কেউ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।’

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণসংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন।

সভা শেষে তারা সরেজমিনে বাজার পরিস্থিতি দেখতে শান্তিনগর কাঁচাবাজারে যান। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে এবং বাজারে মূল্য স্থিতিশীলতা ফিরে আসবে।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর