Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০০ গৃহকর্মী নিয়ে ‘গৃহকর্মী জাতীয় ফোরাম’র অভিষেক

সারাবাংলা ডেস্ক
২ অক্টোবর ২০২৪ ০১:২৫

ঢাকা: গৃহকর্মে নিয়োজিত বাংলাদেশের ২৫ লাখেরও বেশি গৃহকর্মীকে শ্রম আইনে অন্তর্ভুক্তি ও ‘শ্রমিক’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ‘গৃহকর্মী জাতীয় ফোরাম’ এর পথচলা শুরু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর বাস্তবায়নে ঢাকার ২০০ গৃহকর্মীকে নিয়ে এক অনুষ্ঠানে এই ফোরামের ঘোষণা দেওয়া হয়।

ফোরামটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে গৃহকর্মীদের অধিকার আদায়, গৃহকর্মীদের জন্য ২০১৫ সালের সুরক্ষা ও কল্যাণ নীতিমালা বাস্তবায়ন, গৃহকর্মীদের ওপর নির্যাতন ও হয়রানি প্রতিরোধ ও গৃহকর্মীদের শ্রমআইনে অন্তর্ভুক্তির মাধ্যমে ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতির দাবিতে তৃণমূল থেকে নীতিনির্ধারণী পর্যায় পর্যন্ত কাজ করবে।

বিজ্ঞাপন

‘গৃহকর্মী জাতীয় ফোরাম’ সভাপতি গৃহকর্মী জাকিয়া সুলতানা বলেন, “আমাদের মূল দাবি দেশের সকল গৃহকর্মীকে শ্রম আইনে অন্তর্ভুক করে ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি। এমনকি দেশে ঠিক কত নারী গৃহকর্মী হিসেবে নিয়োজিত, তার সঠিক তথ্য-উপাত্তও নেই। গৃহকর্মী জাতীয় ফোরাম রাষ্ট্রের কাছে এইসব দাবি নিয়ে কাজ করবে। এই ফোরাম সকল গৃহকর্মীদের সুরক্ষায় কাজ করব।”

ডিএসকে-এর নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ বলেন, ‘সুনীতি প্রকল্প থাকুক আর না থাকুক গৃহকর্মীদের সুরক্ষায়, তাদের নির্যাতন আর নিগ্রহের বিরুদ্ধে জনমত গঠনে আমরা প্রতিবছর গৃহকর্মীদের নিয়ে সম্মেলন করব। শ্রম আইনে তাদের অন্তর্ভুক্তির আন্দোলন আমরা চালিয়ে যাব।’

অন্যদিকে, অক্সফ্যাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, শ্রমিক হিসেবে ‘স্বীকৃতি’ প্রদানের বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘এই ফোরামের মাধ্যমে যে ১৬ হাজার গৃহকর্মীদের সঙ্গ আমরা সম্পৃক্ত হচ্ছি, তারা নিজেদের অধিকার নিয়ে কাজ করবে। আমরা বিশ্বাস করি, এখানকার সফলতা অন্যান্য অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের উদ্বুদ্ধ করবে। চা-বাগানের শ্রমিকদের উদ্বুদ্ধ করবে, নারী মৎস্যজীবিদের উদ্বুদ্ধ করবে।’

অনুষ্ঠানে বাংলাদেশে গৃহকর্মীদের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে গৃহকর্মীরা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোসেন, সমন্বয়ক, ডোমেস্টিক ওয়াকার্স রাইটস্ নেটওয়ার্ক; ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা; মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

সারাবাংলা/পিটিএম