Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আশুলিয়ার ঘটনা গুজবের কারণে: শ্রম উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ০১:৪৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৯

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আশুলিয়ায় শিল্পাঞ্চলের ঘটনা গুজবের ভিত্তিতে ঘটেছে। গুজব ছড়ানো হয়েছিল যে, আইনশৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছেন এবং দু’জনকে খুন করে মরদেহ ফেলে রেখেছে। এভাবে কারাখানাগুলো থেকে শ্রমিকদের নামিয়ে আনা হয়েছিল।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুরসহ তাদের ওপর হামলা চালিয়েছে শ্রমিকরা। কিন্তু তখনও আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্য্যের পরিচয় দিয়েছে। কিন্তু শ্রমিকদের মধ্য থেকে অনুপ্রবেশকারী গুলি ছুড়েছিল প্রথম। প্রথম গুলিটি শ্রমিকদের ভেতর থেকে দুষ্কৃতকারীরা ছুড়েছিল। সেখান থেকে গোলাগুলির সূত্রপাত হয়। দুঃখজনকভাবে সেখানে আমাদের একজন শ্রমিক নিহত হন। এ ছাড়াও সাত জন আহত হয়েছেন।’

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনীরও ১৩ সদস্য আহত হয়েছে চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা এই পরিস্থিতি কখনোই চাই না। শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাই না। আশুলিয়ায় এতদিন ধরে আন্দোলন চলছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মধ্যস্থতাকারীর ভূমিকা রেখে এসেছে। মালিকদের সঙ্গে কথা বলে কীভাবে বেতন আদায় করা যায়, তারা সেই চেষ্টা করছে। সেনাবাহিনীও একই কাজ করেছে। ২৪ সেপ্টেম্বর শ্রমিক-মালিকের যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, যদি শ্রমিকদের বেতন না দেওয়া হয়, আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ বিষয়ে আজ আলোচনা হয়েছে। যেসব কোম্পানির মালিক দীর্ঘদিন ধরে বেতন দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আশুলিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দু/তিনটি কারখানায় বেতন না হওয়ায় আজ শ্রমিকরা বাইপাইলে সড়ক অবরাধ করেছিল। আমরা কারখানার মালিকদের খুঁজছি, কিন্তু তারা পলাতক আছেন। ব্যাংকেও তারা প্রচুর ঋণগ্রস্ত। দ্রুতই আইনের আওতায় আনা হবে তাদের।’

সেই আগের মতোই গুলি করে মানুষ হত্যার মতো ঘটনা ঘটছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারও পক্ষ থেকে। এরই মধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/জেআর/পিটিএম