Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাগরে গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৪৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:০৯

কক্সবাজার: টেকনাফে সাগরে গোসলে নেমে স্রোতের টানে ভেসে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মাদরাসায় পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। একই ঘটনায় তৎক্ষণাৎ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সোমবার (২৫ নভেম্বর) সকালের দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেগুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতের সাগর থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

উদ্ধার হওয়া মৃত শিশুরা হলো, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) এবং একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।

এর আগে ঘটনার পরপরই মৃত উদ্ধার করা হয়েছিল একই এলাকার আবুল কালামের ছেলে নুর কামালকে (১০)। তারা তিনজনই টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়াস্থ আশরাফিয়া দারুল নাজাত হিফজখানার ছাত্র ছিল।

বিজ্ঞাপন

রোববার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০-১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল অপর দুই শিশু।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মিদের পাশাপাশি স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর অন্ধকারের কারণে অভিযান চালানো সম্ভব না হলেও স্বজনরা সন্ধান কাজ অব্যাহত রাখেন।

স্বজনদের বরাতে ওসি বলেন, এক পর্যায়ে সোমবার ভোরে টেকনাফ সদরের লেঙ্গরবিল লম্বরীঘাট এলাকার সাগরে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বিষয়টি স্বজনরা পুলিশকে অবহিত করেন।

উদ্ধার হওয়া শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ