রাজবাড়ী: জেলার সদর উপজেলার মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পলাশ প্রামানিক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ রাজবাড়ী সদর উপজেলার বাগমারা গ্রামের আরজু প্রামানিকের ছেলে।
জানা গেছে, রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ব্রিজ এলাকায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পলাশের মৃত্যু হয়। এ সময় ঘাতক বাসটি পালিয়ে যায়। পরে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই সাথে ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।‘