Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্ররাজনীতিকে লাল কার্ড দেখালেন কুয়েট শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৫ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০০

ক্যাম্পাসের ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশে লাল কার্ড দেখান কুয়েট শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল, ছাত্রলীগ, বৈষমবিরোধী ছাত্র-আন্দোলন, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ সব রাজনৈতিক দল এবং কুয়েট প্রশাসনকে লালকার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসের ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশে তারা লাল কার্ড দেখান ও বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘নো ছাত্রদল, নো ছাত্রশিবির, নো বৈবিছাআ, অনলি ছাত্র’, ‘রক্ত যখন ঝরছিল, প্রশাসন তখন কই ছিল?’, ‘বহিষ্কার, বহিষ্কার, জড়িতদের বহিষ্কার’, ‘মাছুদ তুই কুয়েট ছাড়’, ‘বকুল ফুল, বকুল ফুল, ভিসি তুমি করেছ ভুল’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘তুমি কে, আমি কে, আবরার, আবরার’, ‘আবু সাঈদ–মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দড়ি ধরে মারো টান, ভিসি হবে খান খান’ ‘ছাত্র মেরে করিস পাপ, রাজনীতি অভিশাপ’, ‘মনে রেখো প্রত্যেকে, জুলাই শেষে কিন্তু আগস্ট আসে’, ‘ছাত্রদের রক্ত দিয়ে তোমাদের ক্ষমতার পিপাসা আর কত মিটবে?’, ‘ছাত্ররাজনীতি রেড কার্ড’ নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘উই ওয়ান্ট নলেজ, নো পলিটিক্যাল ড্যামেজ, ‘শিক্ষার্থীর রক্ত ঝরে, প্রশাসন তামাশা করে’, এসব প্ল্যাকার্ডের সঙ্গে স্লোগান দেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, ‘কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেনি। যার কারণে তারা নতুন প্রশাসন চায়। শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে। সেখানে নতুন ভিসি নিয়োগ দিয়ে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে। গত মঙ্গলবার কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছয় দফা দাবি দেওয়া হলেও কুয়েট প্রশাসন সেটা পূর্ণাঙ্গ রূপে মানেনি। এ ঘটনায় কুয়েটের ভিসি, প্রোভিসি এবং ছাত্রকল্যাণ পরিচালককে বর্জন করা হয়েছে।

সারাবাংলা/এসআর