ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং আরেকজন ঢাকা উত্তরের। তবে এ সময়ে ডেঙ্গুতে আরও ৯০৭ জন আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৯০৭ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৮ জন, খুলনা বিভাগে ২০২ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে একজন রোগী।
এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৩০ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২০৯০ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ৬৫২ জন।