Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিযবুত তাওহীদের নেতাকর্মীদের বাড়িতে হামলা, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ১৭:৫৭

ছবি: সংগৃহীত

রংপুর: জেলার পীরগাছা উপজেলায় সম্প্রতি হিযবুত তাওহীদের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এবার জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়ী করে থানায় মামলা করেছে সংগঠনটি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম বাদী হয়ে মামলায় ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করেন। পীরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় উপজেলার ২ নম্বর পারুল ইউনিয়নের ছিদাম বাজার-সংলগ্ন হেযবুত তওহীদের বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও সুধীজনদের নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। এর আগের দিন ২৩ ফেব্রুয়ারি স্থানীয় জামায়াতে ইসলামীর সভাপতি নূর আলম অনুষ্ঠানটি বন্ধ করার জন্য নানাভাবে হুমকি দেন। এরপর আব্দুল কুদ্দুস শামীম বিষয়টি উপজেলা জামায়াতে ইসলামীর নেতাদের ও স্থানীয় থানা পুলিশকে অবহিত করলেও পরদিন সকালে এমন ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মামলা সূত্রে আরও জানা যায়, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি নূর আলমের নেতৃত্বে একটি মিছিল এসে আব্দুল কুদ্দুস শামীমের বাড়ি ও তার তিন ভাইয়ের বাড়িসহ শ্বশুরবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। হামলায় হিযবুত তওহীদের ১৫ জন সদস্য গুরুতর আহত হন। এ ছাড়া ২২টি মোটরসাইকেল ভেঙে পুড়িয়ে দেয় সশস্ত্র আক্রমণকারীরা।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘দুই পক্ষ থেকেই মামলা করেছে। বিষয়গুলো নিয়ে কাজ করছে পুলিশ।’

প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আব্দুল কুদ্দুস শামীম বলেন, ‘জামায়াত-শিবিরের লোকজন গুজব রটিয়ে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমার চোখের সামনে নিমিষেই আমাদের ঘরবাড়ি ভস্মীভূত হয়ে যায়। এ ছাড়া বাড়ির সামনে থাকা আমাদের চারটি ব্যবসা প্রতিষ্ঠান দোকানে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে ওই উগ্রবাদীরা।’

সারাবাংলা/এইচআই