Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘শ্রোতার চাহিদা অনুযায়ী বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ১৮:৫২ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৯:৩৫

বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম

ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শ্রোতার চাহিদা অনুযায়ী বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করতে হবে। বুধবার (১২ মার্চ) আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।

বেতারের শ্রোতা জরিপের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, ‘বেতার এখনো জনগণের তথ্য, শিক্ষা ও বিনোদনের অন্যতম উৎস হিসেবে কাজ করছে।’

বেতারের পুরাতন অনুষ্ঠান সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেতারের পুরাতন অনুষ্ঠানসমূহ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে। এর পাশাপাশি শ্রোতা চাহিদা বিবেচনা করে পুরাতন অনুষ্ঠান পুনঃপ্রচার করতে হবে।’

বিজ্ঞাপন

উপদেষ্টা বেতারের অনুষ্ঠানের মানোন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বেতারকে তরুণ প্রজন্মের নিকট প্রাসঙ্গিক করে তুলতে বেতারের কর্মকর্তা, শিল্পী ও কলাকুশলীদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মু. আনোয়ার হোসেন মৃধা, প্রধান প্রকৌশলী মুনীর আহমদ-সহ বেতারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ও বার্তা বিভাগের স্টুডিও এবং মাস্টার কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ