Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ২২:০০ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২২:০৩

খুলনা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে খুলনায় বিএনপির খুলনা বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, জনগণের প্রত্যাশা রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে। সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। তারপর গণতান্ত্রিক সরকার হবে। সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থেকে হত্যা, গুম ও নির্যাতন করেছেন। বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রনেতা সুমনসহ হাজার হাজার নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। ৫৭ জন সেনা হত্যার ঘটনায় হাসিনার ৫৭ বার ফাঁসি হবে। অন্য গুম-খুনতো বাকি থাকল। আওয়ামী লীগের অবৈধ এমপি, মন্ত্রী কেউ ছাড় পাবে না, সবাই বিচারের আওতায় আসবে।’

খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় সভায়, হাবীবুর রহমান হাবীব, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ খুলনা বিভাগের ৫ জেলার দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর