ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিনদিন বাড়ছেই। ১৭৪ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে সকালে বৃষ্টির মধ্যে বায়ুমান স্কোর ১১৭ নিয়ে তালিকার ১৫ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
শুক্রবার (২৮ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, মালয়েশিয়ার কুচিং শহরের পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার বায়ুমান স্কোর ১৭৪ এবং এই অবস্থান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা, যার বায়ুমান স্কোর ১৫৮। এর পরের অবস্থানে রয়েছে নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম শহর রটারডাম, মালয়েশিয়ার কুয়ালালামপুর, বাহরাইনের রাজধানী ও বৃহত্তম শহর মানামা এবং উগান্ডার কাম্পালার মতো শহরগুলো।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুর মানের সূচক অনুযায়ী- শূন্য থেকে ৫০: বায়ুর মান ‘অনেক ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০: ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০: ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০: ‘খুবই অস্বাস্থ্যকর’, ৩০১-এর বেশি: ‘দুর্যোগপূর্ণ’।
সে হিসেবে আজ ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’।