Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ০২:৫৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়। ছবি: সংগৃহীত

ঢাকা: গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (৩১ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয় দলের নেতাসহ বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘আপনাদের এত ত্যাগ, সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবেন। দেশবাসীর যে ভোটের অধিকার তা সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে।’

এ সময় দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘দেশবাসীকেকে আমার ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমাদের সাহায্য করেন।’

বিজ্ঞাপন

এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন। এর আগে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সকলের পক্ষ থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চেয়ারপারসনকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন। দীর্ঘদিন পর এভাবে সবাইকে দেখতে পেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবেগে আপ্লুত হয়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও বিএনপি ভাইস-চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্যরাসহ দলের যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতারা। সভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সারাবাংলা/এফএন/পিটিএম