Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানের নির্দেশে দেশীয় শিল্পীদের নিয়ে স্বাধীনতা কনসার্ট

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুলতান সালাহউদ্দিন টুকু।

ঢাকা: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে দেশীয় প্রতিভাবান শিল্পীদের অবহেলা করা হত। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশীয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশন।

শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আগামী ১১ এপ্রিল কনসার্ট উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নির্ধারিত ভেন্যু পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

টুকু অভিযোগ করে বলেন, ‘বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে দেশীয় প্রতিভাগুলোকে অবহেলা করে ভারত থেকে শিল্পী আনা হতো। আর এখন আনা হচ্ছে পাকিস্তানি শিল্পী। যা খুবই দুঃখজনক। আমাদের উদ্দেশ্য দেশীয় শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেওয়া। কারণ আমাদের বহু প্রতিভা রয়েছে। তারা নিজেদের যোগ্যতা দিয়ে বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশকে তুলে ধরেছেন। আমরা এসব প্রতিভাগুলোকে মূল্যায়নের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চাই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এক্ষেত্রে কোনও দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি। সত্যিকার অর্থে যারা শিল্পী, তাদেরকেই রাখা হয়েছে। বিগত দিনে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকেও বাদ দেওয়া হয়নি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে পথ চলবো।’

তিনি জানান ১১ এপ্রিল ঢাকাসহ চারটি ভেন্যুতে কনসার্ট হলেও পর্যায়ক্রমে বাকি বিভাগ ও জেলা সদরে এই আয়োজন হবে। অনুষ্ঠান সফল করতে তিনি গণমাধ্যমের সহযোগিতা চান। ঢাকা বিভাগের আপামর জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব ও ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত গত ২৭ মার্চ গুলশানে সংবাদ সম্মেলনে জানানো হয় রাজধানী ঢাকাসহ দেশের চারটি শহরে আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ করবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।

ঢাকার কনসার্টটি হবে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে। বিকাল ৩টায় শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত।

কনসার্টে অংশ নেবেন জেমস, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ জনপ্রিয় শিল্পীরা। এ ছাড়া কনসার্টে থাকছে ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক ব্যান্ড।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো