Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৫:৩৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৬:৩৭

ঢাকা: চলতি বছরে পবিত্র হজের প্রথম ফ্লাইট আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

উপদেষ্টা বলেন, অল্প কিছু দিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ শেষ হবে। আমাদের হজযাত্রীরা আগামী ২৯ এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ৫ হাজার ২০০ জন হজযাত্রীর জন্য আমরা সব আনুষ্ঠানিকতা তথা-মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ ও ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি, বাড়ি/হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি, পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তি অনেক আগেই শেষ করেছি। এখন তাদের ভিসার কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ শেষ হবে।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, এ বছর আমাদের হজযাত্রীদের একটি বিরাট অংশ অর্থাৎ ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। সৌদি সরকারের এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর বাধ্যবাধকতার কারণে মোট ৭৫৩টি এজেন্সির অধীনে নিবন্ধিত এসব হজযাত্রী ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

উপদেষ্টা আরও বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান, কঠোর মনিটরিং ও ফলো-আপ তৎপরতার কারণে সৌদি সরকারের বেঁধে দেওয়া সময় ১৪ ফেব্রুয়ারির মধ্যেই বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের জন্য কেবল মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ গ্রহণ এবং ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি-এই দুটি অ্যাক্টিভিটি শেষ করা হয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অথবা ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

সারাবাংলা/জেআর/আরএস