Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ দিনের রিমান্ডে ব্যারিস্টার তুরিন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৫:৫১ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

আদালতে সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। ফাইল ছবি

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

এদিন দুপুর ১টার দিকে তুরিনকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। পরে দুপুর ২টা ৪০ মিনিটে কড়া নিরাপত্তায় তাকে এজলাসে তোলা হয়। এরপর রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী।

সপক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালতে নিজেই কথা বলেন তুরিন আফরোজ। পরে শুনানি শেষে চারদিনের রিমান্ডের আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী আব্দুল জব্বার। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। এ ঘটনায় গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নামে মামলা করেন তিনি। মামলায় অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় ৩০ নম্বর আসামি তুরিন আফরোজ।

এর আগে, সোমবার রাতে রাজধানীর উত্তরা তিন নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তুরিনকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ