Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অর্থ আত্মসাতের ৪ মামলা / তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৪:৫৬ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৩ জুলাই ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন এসব মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল।

আদালত সূত্র জানায়, দেশের তিন বিমানবন্দরের চার প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসব মামলা হয়। চলতি বছরের ২৭ জানুয়ারি তাদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ, নেভিগেশন ও নজরদারি ব্যবস্থাপনা, রাডার স্থাপন প্রকল্পের আওতায় রাডার নির্মাণের সময় প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। একই বিমানবন্দরের সম্প্রসারণ (তৃতীয় টার্মিনাল) প্রকল্প থেকে ২৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এছাড়া সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে ২১২ কোটি টাকা এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ ও রানওয়ে উন্নয়ন প্রকল্প থেকে ১৫০ কোটি টাকা আত্মসাৎ করেন তারা।

বিজ্ঞাপন

এসব মামলায় তারিক সিদ্দিক ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান মহিবুলসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

আরো