Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার উপদেষ্টার মেয়ে বুশরাসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৬:৩১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৬:৪৮

তারিক আহমেদ সিদ্দিকী ও তার মেয়ে বুশরা সিদ্দিকী

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক সিদ্দিকীর মেয়ে বুশরা সিদ্দিকীসহ পরিবারের ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন- প্রচ্ছায়া লিমিটেডের শেহতাজ মুন্নাসী খান, শহিদ উদ্দিন খান, শাহিন সিদ্দিক, শফিক আহমেদ শফিক, পারিজা পাইনাজ খান, নওরিন তাসমিয়া সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক ফারজানা আনজুম।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ (জয়), তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৯ হাজার কোটি টাকা লোপাট/আত্মসাৎ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ৭ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টীম গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানায় যে, প্রচ্ছায়া লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা সপরিবারে গোপনে দেশ ত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন। অভিযুক্তরা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। তাছাড়া সার্বিক অনুসন্ধানকাজে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ ক্ষতির কারণ রয়েছে। বিধায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ যাত্রা রোধে আদালতের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।

সারাবাংলা/জিএস/আরএস