Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাট্যাভিনেতা সিদ্দিককে থানায় সোপর্দ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৭:৫১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৯:৩২

অভিনেতা সিদ্দিক। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে তাকে মারধর করে কিছু লোক থানায় নিয়ে যায়। তাকে মারধর করে পরনের কাপড় ছিঁড়ে ফেলার একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

অভিনেতা সিদ্দিককে রমনা থানায় নেওয়া হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন থানাটির এসআই জালাল উদ্দিন। তিনি বলেন, ‘ঘণ্টাখানেক আগে (বিকেল সাড়ে ৪টা নাগাদ) সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে রমনা থানাতেই আছেন।’

সিদ্দিককে কোন মামলায় গ্রেফতার বা আটক করা হয়েছে জানা যায়নি। রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় মঙ্গলবার বিকেল ৪টার পরে এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন।

সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো দলীয় কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওতে একজন ধারাবিবরণী দিচ্ছিলেন। তিনি বলছিলেন, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি।’

এদিকে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন।

সারাবাংলা/এজেডএস