Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘তোকে এখানে মারব, এখানেই চিকিৎসা করব’

ঢাবি করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৮:৫৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২০:২০

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে পরীমণির গৃহকর্মীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: চিত্রনায়িকা পরীমনির গৃহকর্মী পিংকি আক্তার অভিযোগ করে জানান, পরীমনির এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পিংকিকে মারধর করেছেন পরীমনি। তিনি বলেছেন, মারধরের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং তাকে বলি, আমাকে হাসপাতালে নিয়ে যান। তখন তিনি আমাকে বলেন, ‘তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোকে এখানেই মারব এবং এখানেই চিকিৎসা করব।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ তুলেছেন তার বাসায় দায়িত্ব পালন করা দুই গৃহকর্মী। এ সময় তারা পরীমনির বাসার সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের দাবি জানান। ‍ওই দুই গৃহকর্মী হলেন পিংকি আক্তার ও শিরিন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পরীমনির এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মী পিংকি আক্তারকে মারধরের অভিযোগ তোলা হয়। একইসঙ্গে অশ্রাব্য ভাষায় গালাগালি করে ১ মাসের বেতন না দিয়েই বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেন আরেক গৃহকর্মী শিরিন।

গৃহকর্মী পিংকি আক্তার সংবাদ সম্মেলনে বলেন, ‘কাদের এজেন্সির মাধ্যমে চিত্রনায়িকা পরীমনির বাসায় কাজ পাই। কাজ ছিল বাচ্চার দেখাশোনা করা। তবে আমাকে বাচ্চার দেখাশোনার জন্য নিয়ে যাওয়া হলেও, বাসার অন্য কাজও করানো হতো।’

তিনি আরও বলেন, ‘‘ঘটনার দিন ২ এপ্রিল পরীমনির বাসায় তার বাচ্চাটিকে বসিয়ে বাজারের লিস্ট করছিলাম। এ সময় বাচ্চাটি কান্না শুরু করে। এর মধ্যে কান্না শুনে পরীমনির কাছে আসা সৌরভ নামের এক ব্যক্তি আমাকে বলেন ‘বাচ্চাটাকে একটু সলিড খাবার দাও।’ এর জবাবে বলেছিলাম, ‘কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে, ২ ঘণ্টা হয়নি এখনো। কাজ শেষ করে তারপর তাকে দুধ খাওয়াব।’’

পিংকি আরও বলেন, ‘আমার আগে যে গৃহকর্মী ছিলেন, তিনিও বাচ্চা কান্না করলে মাঝেমধ্যে দুধ দিতেন। এই কথা বলে আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করছিলাম। এরই মধ্যে পরীমনি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই-তোকারি করে অকথ্য ভাষায় গালাগালি করেন যে আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘‘এক পর্যায়ে তিনি আমাকে থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন। মারধরের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং তাকে বলি, আমাকে হাসপাতালে নিয়ে যান। তখন তিনি আমাকে বলেন, ‘তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোকে এখানেই মারব এবং এখানেই চিকিৎসা করব।’ এই কথা বলে তিনি আবার আমাকে মারতে আসেন। তখন সৌরভ তাকে বাধা দেন। সৌরভ কেন বাধা দিলেন, এই কারণে পরীমনি তাকেও গালাগাল করেন।’’

গৃহকর্মী যোগ করেন, ‘এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। প্রায় ১ ঘণ্টা পর আমার জ্ঞান ফেরে। তখন বাসার আরেকজন গৃহকর্মী বৃষ্টিকে আমি বলি আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। বৃষ্টি আমাকে বলেন, ‘পরীমনি ঘুমিয়েছেন, তাকে এখন ডিস্টার্ব করা যাবে না।’ তখন আমি বাথরুমে গিয়ে লুকিয়ে এজেন্সির কাদের ভাইকে ফোন দিয়ে তাকে পুরো ঘটনা জানাই এবং সাহায্য চাই তিনি যেন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তিনিও আমাকে সাহায্য করেন নি। উলটো ২ দিন পর পরীকে অন্য একজন গৃহকর্মী দিয়ে এসেছেন। আমি বাধ্য হয়ে পরে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করি এবং পুলিশকে জানাই যেন তারা আমাকে উদ্ধার করে নিয়ে যায়।’’

‘এক পর্যায়ে পুলিশ আসে পরীমনির বাসার সামনে। এসব ঘটনা পরীমনি জানার পর তিনি গৃহকর্মী বৃষ্টিকে বলেন, আমাকে বাসার নিচে নামিয়ে দিতে। পরে বৃষ্টি আমাকে বাসার নিচে নামিয়ে দেন। আমি তখন রিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই এবং প্রাথমিকভাবে থানায় একটি অভিযোগ দেই। এখন তিনি আমার বিরুদ্ধে নানারকম মিথ্যাচার করে বেড়াচ্ছেন।’

পরীমনির বাসায় কাজ করা আরেক গৃহকর্মী শিরিন অভিযোগ করে বলেন, পরীমনি আমার এক মাস চার দিনের বেতন বকেয়া রেখে অকথ্য ভাষায় গালাগালি করে বাসা থেকে বের করে দিয়েছে। আমার আগেও দুইজনের সঙ্গে একই কাজ করেছেন পরী।

এ সময় তারা দুজনেই ৩ দফা দাবি জানান:

  • পরীমনির বাসার সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও বিচার।
  • দেশের সকল গৃহকর্মীদের উপর নির্যাতন বন্ধ করতে হবে।
  • প্রবাসী গৃহকর্মীদের উপর নির্যাতন বন্ধ করতে হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

মির্জা আব্বাস দেশে ফিরছেন
২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১

আজ ঢাকার বাতাস ‘মাঝারি’
২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬

আরো