ঢাকা: আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ৯৬ স্কোর নিয়ে ১৪ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আজ বুধবার ( ২ সেপ্টেম্বর ) সুইজারল্যান্ডভিত্তিক এই প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ঢাকার বায়ুর গুণমান এখন ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ও মাঝারি মাত্রার মাঝামাঝি অবস্থায় রয়েছে।
এই তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানগুলোতে রয়েছে মালয়েশিয়ার কুচিং ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর কিনশাসা। পরিবেশবিদদের মতে, মূলত অপরিকল্পিত মেগা উন্নয়ন প্রকল্প, শহরের আশপাশের ইটভাটা, ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া ও রাস্তার খোড়াখুড়ির ফলে বাতাসে মারাত্মক ধূলিকণা বৃদ্ধি পাচ্ছে। রাজধানী ও দেশের বায়ু দূষণের এমন আশঙ্কাজনক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
বায়ু দূষণের সার্বিক প্রভাব ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিশিষ্ট পরিবেশবিদ ও আবহাওয়া বিশেষজ্ঞরা বলেন, শীত আসার আগেই বায়ুর মান সূচক এমন অবস্থায় পৌঁছানো জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির পূর্বাভাস দেয়। অপরিকল্পিত নির্মাণকাজ বন্ধ করা ও নগরের যত্রতত্র ধুলাবালি নিয়ন্ত্রণে পানি ছিটানো জরুরি। কার্যকর পদক্ষেপে শিথিলতার বিষয়ে তারা বলেন, সঠিক সময়ে পরিবেশ সুরক্ষার কঠোর আইন প্রয়োগ না করলে ঢাকা বাসযোগ্যতা হারাতে পারে। দূষণ নিয়ন্ত্রণে সরকার ও নাগরিক উভয় পক্ষকে এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, নগরে সবুজ বেষ্টনী বৃদ্ধি এবং যানবাহন ও কলকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।