Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া জরুরি, বললেন শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১২:৫৭

ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতির জন্য ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের ফাইনাল হয়ে গেল গতকাল। ম্যাচের পর শান্ত বলেছেন, সামনে যেহেতু ওয়ানডে বিশ্বকাপ ফলে এই ফরম্যাটে বেশি বেশি ম্যাচ খেলা দরকার। সেই কারণেই ডিপিএল জরুরী।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিসিবির গত নির্বাচন নিয়ে বিতর্ক উঠায় বেশ কিছু ক্লাব বোর্ডের এই কমিটিকে অবৈধ বলছে। অবৈধ বোর্ডের অধিনে কোনো ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাবগুলো, তাতে এখন পর্যন্ত অটলও আছে। ফলে ঘরোয়া ক্রিকেটের আরও দুটি গুরুত্বপূর্ণ আসর— ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এবং ঢাকা নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ—নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

বিজ্ঞাপন

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বর্তমান বোর্ডের অধীনে খেলতে অনিচ্ছুক কয়েকটি শীর্ষ ক্লাবের আপত্তির কারণে ডিপিএল’র সূচি অনুযায়ী লিগ শুরু হবে কি না, তা নিশ্চিত নয়।

জানা গেছে, পুরুষদের ডিপিএলের ১২ দলের মধ্যে নয়টি এবং নারীদের ডিপিএলের ১০ দলের মধ্যে চারটি দল খেলতে অনাগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর মতো শক্তিশালী ক্লাবও রয়েছে।

ডিপিএল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এমন কথা বললেন শান্ত। তিনি বলন, ‘আমরা তো বলব আমরা খেলতে চাই। ওয়ানডে টুর্নামেন্ট হওয়া খুব জরুরি। সামনে বিশ্বকাপও আছে ওয়ানডেতে, আমরা ওয়ানডে ম্যাচ খেলি কম। তাই খুব জরুরি টুর্নামেন্ট। আশা করি লিগটা হবে এবং ভালো স্পোর্টিং উইকেটে খেলা হওয়া উচিত। বাকিটা উপরওয়ালা জানে।’

এবারের বিসিএলটা বেশ ভালোভাবে আয়োজন হয়েছে মনে করছেন শান্ত। তিনি বলেন, ‘আমার মনে হয় খুবই ভালো টুর্নামেন্ট। প্রতি বছরই ভালো হয়। চারটা দলই অনেক ভালো। আন্তর্জাতিক সিরিজের আগে ভালো টুর্নামেন্ট। ব্যাটার-বোলাররা ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছে। রাজশাহী-বগুড়ায় স্পোর্টিং উইকেট ছিল। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টটা দারুণ।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর