Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৪:৪৬

টাইব্রেকারে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ পুরুষ হকি দল। স্থান নির্ধারনী প্লে-অফে নির্ধারিত সময়ে উত্তেজনাপূর্ণ লড়াই ৪-৪ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হংকংকে হারিয়ে আসন্ন জাপানের আইচি এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

১৯৭৮ সাল থেকে নিয়মিতভাবে এশিয়ান গেমসে অংশ নিয়ে আসছে বাংলাদেশ। তবে এবারের বাছাইপর্বে হতাশজনক পারফরম্যান্সের কারণে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সেই অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে প্লে-অফে জয় তুলে নিল বাংলাদেশ।

ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের দাপুটে। প্রথম পাঁচ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রকি এবং পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল ইসলাম গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে হংকং। এক মিনিটের ব্যবধানে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমায় তারা। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ২-১ লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিরতির পর তৃতীয় কোয়ার্টারের শুরুতেই সমতায় ফেরে হংকং। এরপর ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করে আবারও বাংলাদেশকে এগিয়ে নেন। চতুর্থ কোয়ার্টারে শুরুতেই আবার সমতা আনে হংকং। তবে এক মিনিট পরই আশরাফুলের দ্বিতীয় গোলে ফের লিড পায় বাংলাদেশ। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি বেশি সময়—পেনাল্টি স্ট্রোক থেকে আবারও গোল করে ম্যাচে ৪-৪ সমতা ফেরায় হংকং।

শেষ ১০ মিনিটে বাংলাদেশ তিনটি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করে এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর