Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানকে ৪৩৭ রানের লিড দিল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৭:২২ | আপডেট: ১৮ মে ২০২৬ ২০:২১

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে লিডের পাহাড় দাঁড় করাল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৫ রানের গুরুত্বপূর্ণ লিড পাওয়া বাংলাদেশ মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে তুলল ৩৯০ রান। দুই  ইনিংস মিলিয়ে স্বাগতিকরদের লিড ৪৩৭।

পরে শেষ বিকেলে ২ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছিল পাকিস্তান। তাতে রান তুলতে পারেনি সফরকারীরা। অর্থাৎ পাকিস্তান এখনো ৪৩৭ রানেই পিছিয়ে আছে। সিলেটের পিচ ব্যাটিং সহায়ক। তবুও চতুর্থ ইনিংসে এতো রান করা কঠিনের চেয়েও কঠিন। তাছাড়া পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ফর্মে নেই অপরদিকে বাংলাদেশের বোলিং আক্রমণ আছে দুর্দান্ত ফর্মে। সব মিলিয়ে সিলেট টেস্টে পরিস্কার ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিনের শেষ বলে মুমিনুল হক আউট হওয়াতে আজ মুশফিকের সঙ্গে শূন্য থেকে শুরু করেন নাজমুল হোসেন শান্ত।

দুর্দান্ত ফর্মে থাকা শান্ত দ্বিতীয় ইনিংসে নিজেকে অবশ্য খুব বেশিদূর নিতে পারেননি। ফিরেছেন ১৫ রান করে। এরপর লিটন দাসের সঙ্গে লম্বা একটা জুটি হয়েছে মুশফিকুর রহিমের। পঞ্চম উইকেট জুটিতে ১২৩ রান তোলেন দুজন। ৯২ বলে ৫টি চারে লিটন ৬৯ রান করে ফিরলে এই জুটি ভাঙে। মেহেদি হাসান মিরাজ আজও রান পাননি। তবে এরপর তাইজুল ইসলামের সঙ্গে আরেকটা শক্ত জুটি হয়েছে মুশফিকের।

শেষ দিকে ৫১ বলে ২২ রান করে মুশফিককে বেশ ভালোই সঙ্গ দিয়েছেন তাইজুল। মুশফিকুর রহিম আউট হয়েছেন শেষ ব্যাটার হিসেবে। ২৩৩ বল খেলে ১২টি চার ১টি ছয়ে ১৩৭ রান করেছেন অভিজ্ঞ ক্রিকেটার। টেস্টে এ নিয়ে ১৪ সেঞ্চুরি হলো মুশফিকের। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ। ১৩টি সেঞ্চুরি নিয়ে দুই নম্বরে মুমিনুল হক। তিন নম্বরে থাকা তামিমের সেঞ্চুরি ১০টি।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে খুররাম শাহজাদ ৪টি, সাজিদ খান ৩টি উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর