Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইসিসি র‍্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি, পিছিয়েছেন শান্ত-তাইজুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৬ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৬

নিজের ১০০তম টেস্টে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি পার করেছেন মুশফিক

আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানে বড় কোনো উত্থান না এলেও অভিজ্ঞ মুশফিকুর রহিম পেয়েছেন সুখবর। টেস্ট ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন তিনি। তবে একই তালিকায় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবস্থান এক ধাপ নেমে গেছে। ২১ নম্বরে রয়েছেন এই বাঁহাতি ব্যাটার। লিটন দাসের র‍্যাঙ্কিংয়ে অবশ্য কোনো পরিবর্তন হয়নি; ৩৪ নম্বরেই আছেন তিনি।

বোলিংয়েও বাংলাদেশের জন্য স্বস্তি-অস্বস্তি দুটোই আছে। দুই ধাপ পিছিয়ে টেস্ট বোলারদের তালিকায় ১৫ নম্বরে নেমে গেছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ আগের অবস্থান ধরে রেখে রয়েছেন, ২৩ নম্বরে।

বিজ্ঞাপন

এবারের হালনাগাদে আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। ব্যাটারদের শীর্ষে থাকা হ্যারি ব্রুকের অবস্থান অক্ষুণ্ন থাকলেও তার পরের দুই জায়গায় হয়েছে অদলবদল। জো রুটকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। রুট এখন তিন নম্বরে।

শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসও পেয়েছেন উল্লেখযোগ্য অগ্রগতি। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পর দুই ধাপ এগিয়ে তিনি এখন দশম স্থানে। সেরা দশে জায়গা করে নেওয়ার পাশাপাশি শ্রীলঙ্কার তরুণ সোনালা দিনুশারও বড় লাফ দিয়েছেন। ২৯ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠেছেন তিনি। পাকিস্তানের সাউদ শাকিলও ১৫ ধাপ উন্নতি করে ১৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। ভারতের দেবদূত পাডিক্কাল পাঁচ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে অবস্থান করছেন।

বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তবে বড় অগ্রগতি হয়েছে ইংল্যান্ডের অলি রবিনসনের। পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সের পর ছয় ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন তিনি। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো চার ধাপ এগিয়ে ১১ নম্বরে, ইংল্যান্ডের জশ টাং চার ধাপ উন্নতি করে যৌথভাবে ১৩ নম্বরে এবং পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৫ নম্বরে জায়গা করে নিয়েছেন।

টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার দেওয়াল্ড ব্রেভিস এবারের হালনাগাদের অন্যতম বড় চমক। নামিবিয়ায় ত্রিদেশীয় সিরিজে টানা ভালো ব্যাটিং করা ব্রেভিস ছয় ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। সিরিজে তার স্কোর ছিল ৭৫, অপরাজিত ৭৫ ও ৪১। তার সামনে রয়েছেন ঈশান কিষাণ, সাহিবজাদা ফারহান ও অভিষেক শর্মা।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় অবশ্য শীর্ষস্থান বদলায়নি। আফগানিস্তানের রশিদ খানই আছেন এক নম্বরে। এই তালিকায় জিম্বাবুয়ের ব্র্যাড ইভানস আট ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোয়েনা মাফাকা; ২৪ ধাপ উন্নতি করে তার অবস্থান এখন ৫৪ নম্বরে।

বিজ্ঞাপন

দাম কমলো এলপিজির
২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৪

আরো

সম্পর্কিত খবর