Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে বড় চমক

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ২০:০১

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন দাস না থাকায় এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। প্রথমবারের মতো জাতীয় টি-টোয়েন্টি দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন হৃদয়।

ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন রাব্বি। সম্প্রতি বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই ডানহাতি ব্যাটার।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘ বিরতির পর সংক্ষিপ্ত সংস্করণে তার প্রত্যাবর্তন দলের ভারসাম্য বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সিরিজে দল থেকে বাদ পড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও আবার জায়গা পেয়েছেন দলে। তবে এবার সুযোগ হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকারের। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে না থাকলেও ওপেনার সাইফ হাসানকে দলে রেখেছেন নির্বাচকরা।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজ চলাকালেই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিতে বিসিবির ছাড়পত্র পেয়েছেন লিটন দাস ও তাসকিন আহমেদ। একই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও। ফলে এই ক্রিকেটারদেরকে জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দল নিয়ে নতুন নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজটি একদিকে যেমন নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়ের জন্য বড় পরীক্ষা, তেমনি দলে ফেরা ক্রিকেটারদের জন্যও নিজেদের প্রমাণ করার গুরুত্বপূর্ণ সুযোগ।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর