Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে বড় শঙ্কা!

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ২৩:৫৬ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০০:১৫

বিশ্বকাপের ফাইনালের প্রস্তুতি শুরু করেছে স্পেন। তবে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলটির অনুশীলনে দেখা যায়নি দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে। এতে স্প্যানিশ শিবিরে কিছুটা হলেও উদ্বেগ তৈরি হয়েছে।

ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর বৃহস্পতিবার নিউইয়র্ক রেড বুলসের ট্রেনিং গ্রাউন্ডে প্রথম অনুশীলনে নামে স্পেন। কিন্তু দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে অংশ নেননি ইয়ামাল ও পোরো। কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার কারণে পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দলের বাকি খেলোয়াড়রা স্বাভাবিক অনুশীলন করলেও ইয়ামাল ও পোরো আলাদাভাবে ফিটনেস সেশনে অংশ নেন। বিশেষ করে ইয়ামালের শারীরিক অবস্থা নিয়ে নজর ছিল বেশি। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা যায়, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে একই উরুতে চোট পেয়েছিলেন ইয়ামাল। সেই কারণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না তিনি। পরে ধীরে ধীরে ম্যাচ ফিট হয়ে নকআউট পর্বে টানা তিনটি ম্যাচই পুরো সময় খেলেছেন। গ্রুপ পর্বে সম্ভাব্য ৩৬০ মিনিটের মধ্যে ২২৫ মিনিট মাঠে থাকলেও শেষ তিন ম্যাচে তাকে পুরো ৯০ মিনিট খেলানো হয়েছে।

অন্যদিকে, ডানপ্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোও স্পেনের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। বিশ্বকাপে পাঁচটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি এবং নকআউট পর্বে প্রায় প্রতিটি মিনিট খেলেছেন। শুধু ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচের শেষ দিকে তাকে বদলি করা হয়।

ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে এই দুই খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকেই স্পেনের প্রথম গোল আসে, আর পোরো দুর্দান্ত এক আক্রমণে উঠে গিয়ে দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন।

যদিও স্প্যানিশ কোচিং স্টাফ বিষয়টিকে গুরুতর চোট হিসেবে দেখছে না, তবুও বিশ্বকাপের ফাইনালের আগে ইয়ামাল ও পোরোর শারীরিক অবস্থা নিয়ে নজর থাকবে সমর্থক ও দলীয় মেডিকেল টিমের। আগামী রোববার নিউ জার্সিতে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে ইয়ামালদের স্পেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর